পাইরেসি নিয়ে মাঠে সাইবার পুলিশ, স্থগিত করা হলো রেহানা মরিয়ম নূর-এর অনলাইন প্রদর্শনী

১৬ আগষ্ট, ২০২১ ২০:০৫  
৭৪ তম কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে প্রদর্শনে কুড়িয়েছে ব্যাপক সুনাম। ১৪ আগস্ট টিকিটের মাধ্যমে হয়েছে অনলাইন স্ক্রিনিং। বাণিজ্যিক বিপননে বিশ্বব্যাপী সেলস এজেন্ট বা বিক্রয় প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয় বার্লিন ভিত্তিত ফিল্মস বুটিক। তবে প্রেক্ষাগৃহে মুক্তির আগেই পাইরেসির শিকার হয়েছে ১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির ছবিটি। ফলে আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ‘রেহানা মরিয়ম নূর’। পুরো ছবিটি আজ ইন্টারনেটে ছেড়ে দিয়েছে একটি চক্র। ফেসবুক, ইউটিউব, টরেন্ট আর গুগল ড্রাইভের মাধ্যমে বুলেটের বেগে ছড়িয়ে পড়েছে। ফলে ১৭ ও ২১ তারিখে অনলাইন প্রদর্শনী স্থগিত করা হয়েছে। এদিকে ফেসবুকে বিভিন্ন গ্রুপে পাইরেসি চক্র নিয়ে চলছে সমালোচনা। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট মানুষেরা। পাইরেসি হওয়ার খবরে ক্ষুব্ধ হয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ছবির কাস্টিং ডিরেক্টর ইয়াছির আল হক। ছবির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবুও ভীষণ মর্মাহত। এমন ঘটনার প্রতিক্রিয়ায় ‘হতাশা’ প্রকাশ করেছেন ছবির প্রধান চরিত্রের অভিনয় শিল্পী বাঁধন। সোমবার পরিত্রাণ পেতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজধানীর গুলশান থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।গোয়েন্দাদের শরণাপন্ন হয়েছেন ছবিটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু। বিকালে পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন তিনি। একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপকের জীবন গল্প নিয়ে নির্মিত আব্দুল্লাহ মোহাম্মদ সাদের চলচ্চিত্রটি ইতোমধ্যেই বাংলাদেশের চলচ্চিত্রের জন্য অনন্য সম্মান বয়ে এনেছে। কিন্তু পাইরেটারদের কারণে এখন ছবিটি রক্ষায় এখন তাকে আশ্রয় নিতে হচ্ছে পুলিশের সাইবার ক্রাইম বিভাগের। পাইরেসি রোধে এরই মধ্যে মাঠে নেমেছেন তারা। যে যে ইমেইল অথবা আইপি অ্যাড্রেসের মাধ্যমে ছবিটিকে ছড়ানো হচ্ছে তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। এরই মধ্যে কয়েকজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছে প্রশাসন।